‘সবচেয়ে ভয়াবহ’ বিমান হামলার রাতে কাঁপছে ইরান
প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন | জাতীয়
ইরানের বিরুদ্ধে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলা মঙ্গলবার (১০ মার্চ) পর্যন্ত টানা ১১ দিনে গড়ালো। এতে এখন পর্যন্ত ইরানে নিহতের সংখ্যা এক হাজার ৭০০ ছাড়িয়েছে। সেই সঙ্গে আহত হয়েছে হাজারের বেশি। সম্প্রতি যুক্তরাষ্ট্র ঘোষণা দেয়, তারা ইরানে এ যাবতকালের ভয়াবহ হামলা করতে যাচ্ছে। এরপরেই সোমবার (৯ মার্চ) ইরানে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র। গতকাল ইরানে ভয়াবহ হামলার বর্ণনা দিয়েছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা প্রতিনিধি মোহাম্মদ ভাল। তিনি তেহরানে সোমবার দিবাগত রাতকে এখন পর্যন্ত অন্যতম ভয়াবহ রাত বলে অভিহিত করেছেন। তেহরান থেকে মোহাম্মদ ভাল জানান, গত কয়েক ঘণ্টায় সেখানে একের পর এক বিস্ফোরণ ঘটেছে। এত বিস্ফোরণ হয়েছে—যার সংখ্যা গণনা করাও কঠিন। তিনি বলেন, তেহরানে বিশাল সব বিস্ফোরণে আল-জাজিরার অফিসের জানালা পর্যন্ত কেঁপে উঠেছে।
মোহাম্মদ ভাল জানান, তাদের কাছে খবর আছে যে তেহরানের উত্তরে কারাজ এলাকাতেও একইভাবে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। পূর্ব তেহরানের একটি আবাসিক এলাকায় ভয়াবহ হামলা চালানো হয়েছে। এতে এই হামলায় অন্তত ৪০ ইরানি নিহত হয়েছেন।
আল জাজিরা জানিয়েছে, সোমবার রাতে তেহরানের আকাশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত সক্রিয় ছিল। এ রাতে বিশেষ করে পূর্ব তেহরানের আকাশে আলোর ঝলকানি দেখা গেছে। এ ছাড়া গতকাল ইসফাহানেও অত্যন্ত তীব্র বোমাবর্ষণ করা হয়েছে। সেখানে গভর্নরের কার্যালয় এবং ইউনেস্কো স্বীকৃত একটি প্রাচীন রাজপ্রাসাদকে লক্ষ্যবস্তু করা হয়েছে। সেইসঙ্গে তাবরিজ অঞ্চলেও বিস্ফোরণের খবর আসছে। কিছু সূত্র জানিয়েছে, ইসফাহানের বিস্ফোরণগুলো সেখানকার পারমাণবিক স্থাপনাগুলোর কাছাকাছি ছিল।
