কুমারখালীর ছেঁউড়িয়ার আখড়াবাড়ীতে দোল পূর্ণিমা উপলক্ষে এক দিনের জন্য বাউল সম্রাট ফকির লালন শাহের স্মরণোৎসব!

 প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১২:০৯ অপরাহ্ন   |   ভিন্ন খবর

কুমারখালীর ছেঁউড়িয়ার আখড়াবাড়ীতে দোল পূর্ণিমা উপলক্ষে এক দিনের জন্য বাউল সম্রাট ফকির লালন শাহের স্মরণোৎসব!


কুষ্টিয়া উপজেলা প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউড়িয়ায় আখড়াবাড়ীতে সোমবার (২ মার্চ) ২০২৬ লালন একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এ স্মরণোৎসব অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়। 

প্রতিবছর দোলপূর্ণিমা তিথিতে তিন দিনব্যাপী উৎসবের আয়োজন করা হলেও এবার তা এক দিনে নামিয়ে আনা হয়েছে। জেলা প্রশাসন ও লালন একাডেমি জানিয়েছে, রমজানের কারণে মেলা এবং রাতের সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

এ অনুষ্ঠান কুষ্টিয়া জেলা প্রশাসক মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন। 

এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও গবেষক ফরহাদ মজহার। 

ফরহাদ মজহার বলেন, ‌পৃথিবী খুব কঠিন সময়ের দিকে যাচ্ছে। আন্তর্জাতিক আইন ও নৈতিকতার প্রশ্ন আজ বড় সংকটে। এ পরিস্থিতিতে মানুষের মধ্যে কল্পনা, প্রজ্ঞা ও পারস্পরিক অনুভূতির চর্চা জরুরি।

তিনি বলেন, শক্তিধর রাষ্ট্রগুলোর আধিপত্য বিস্তারমূলক নীতির ফলে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলে অস্থিরতা বাড়ছে। তিনি বলেন, এসব ঘটনা মানবিক মূল্যবোধের জন্য হুমকি। তবে তার এ বক্তব্য ব্যক্তিগত বিশ্লেষণ বলেও উল্লেখ করেন।

তিনি আরও বলেন, দেশের জনগণ ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশায় সংগ্রাম করলেও আন্তর্জাতিক অর্থনৈতিক কাঠামো বিশ্বব্যাংক, আইএমএফ ও ডব্লিউটিওর শর্ত রাষ্ট্র পরিচালনাকে জটিল করে তুলেছে। সাম্প্রতিক বাণিজ্য চুক্তি নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।

উৎসবের আনুষ্ঠানিকতা সীমিত হলেও ভক্তদের হৃদয়ের টান কমেনি। কয়েক দিন ধরেই বাউল, সাধু ও দর্শনার্থীরা আখড়াবাড়িতে সমবেত হতে শুরু করেছেন। আখড়া প্রাঙ্গণের আনাচে-কানাচে ছোট ছোট দলে বিভক্ত হয়ে বাউলেরা মেতে উঠেছেন ভাব বিনিময়ে। একতারা ও ডুগডুগির সুরে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা।

এ বিষয়ে ছেউড়িয়ার  আখড়াবাড়ির ভারপ্রাপ্ত খাদেম মশিউর রহমান বলেন, আজ সোমবার সন্ধায় গুরুকার্য দিয়ে শুরু হবে সাধুসঙ্গ। এর পর রাখাল সেবা, মধ্যরাতে অধিবাস, মঙ্গলবার ভোররাতে বাল্যসেবা এবং দুপুরে পূর্ণসেবার মধ্যদিয়ে সাধুসঙ্গ শেষ হবে। পবিত্র মাহে রমজানের কারনে এবার অনুষ্ঠান সীমিতলোকসমাগমও অনেক কম হতে পারে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার বলেন, উৎসবের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে মাজারসংলগ্ন এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার জন্য পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে। আগত বাউল সাধক, ভক্ত, অনুরাগী এবং দর্শনার্থীদের সহযোগিতার জন্য গ্রাম পুলিশ, স্বেচ্ছাসেবক দল এবং মেডিকেল টিম গঠন করা হয়েছে।

লালন অ্যাকাডেমির সভাপতি ও কুষ্টিয়ার জেলা প্রশাসক ইকবাল হোসেন জানান, রমজানের পবিত্রতা রক্ষার্থে কুষ্টিয়া জেলা প্রশাসন ও লালন একাডেমির পক্ষ্য থেকে একদিনের লালন স্মরণোৎসব উদযাপন করা হচ্ছে।

কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন জানিয়েছেন, আখড়াবাড়িতে আগত ভক্ত অনুসারীরা যাতে নিরাপদ ও নিরাপত্তা নিয়ে তাদের আচার অনুষ্ঠান পালন করতে পারেন সেখানে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করছেন আইন শৃংখলা বাহিনী।

তবে পবিত্র রমজানের পবিত্রতা রক্ষায় এবার উৎসবের চিরাচরিত জৌলুশে কিছুটা ভিন্নতা এসেছে। সীমিত পরিসরে ও ধর্মীয় গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে এবারের আয়োজন।

ভিন্ন খবর এর আরও খবর: