টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন : আফজাল সভাপতি , শওকত সাধারণ সম্পাদক

 প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০১:০৮ অপরাহ্ন   |   মিডিয়া কর্নার

টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন :  আফজাল সভাপতি ,  শওকত সাধারণ সম্পাদক

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের ২০২৬-২৭ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বিকাল ৪টা থেকে শুরু হওয়া এই নির্বাচনে প্রেস ক্লাবের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। নির্বাচনে সভাপতি পদে দৈনিক ইনকিলাব-এর টুঙ্গিপাড়া উপজেলা সংবাদদাতা মোঃ আফজাল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক যায়যায়দিন-এর প্রতিনিধি শওকত হোসেন মুকুল বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। ভোটগ্রহণ শেষে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম আনুষ্ঠানিকভাবে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন।



নির্বাচন চলাকালে পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার এবং টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী। এ সময় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ৫টি ইউনিয়নের জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। নির্বাচনের মাধ্যমে ১৭ সদস্যবিশিষ্ট একটি প্রাথমিক কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিতরা হলেন— সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী সমেস বৈরাগী ও দিলীপ মন্ডল, সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ খান, কোষাধ্যক্ষ বিএম শামীম, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক হাফিজা বেগম এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিদুল ইসলাম বাঁধন।


নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় প্রশাসন ও সুশীল সমাজের প্রতিনিধিরা। নবনির্বাচিত নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ার সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও স্থানীয় গণমাধ্যমের বিকাশে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এই নির্বাচনের মাধ্যমে টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের নেতৃত্বে নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করলো, যা ভবিষ্যতে সাংবাদিকদের অধিকার রক্ষা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

মিডিয়া কর্নার এর আরও খবর: