মধ্যনগরে বাঁধ ভেঙে ডুবে গেছে হাজারো কৃষকের স্বপ্ন

 প্রকাশ: ০৩ মে ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন   |   ভিন্ন খবর

মধ্যনগরে বাঁধ ভেঙে ডুবে গেছে হাজারো কৃষকের স্বপ্ন


সুনামগঞ্জ প্রতিনিধি: 

সুনামগঞ্জের মধ্যনগরে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরের ফসলরক্ষা বাঁধ ভেঙে তলিয়ে গেছে বোরো ফসল। শনিবার সকালে মধ্যনগরের বোয়ালা হাওরের বাঁধ ভেঙে এই ফসলহানির ঘটনা ঘটে। চোখের সামনেই পানিতে ডুবে যায় হাজারো কৃষকের স্বপ্ন।

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, শনিবার ভোর থেকে প্রবল ধমকা বাতাস ও বৃষ্টিপাত শুরু হয়। ফলে সোমেশরী নদীর পানি বেড়ে মধ্যনগর জামে মসজিদের পাশের কালভার্টের সামনের পাউবো’র দেওয়া বাঁধ ভেঙে প্রবল বেগে হাওরে পানি প্রবেশ করতে শুরু করে। এসময় হাওরে ধান কাটতে গিয়েছিলেন কৃষকরা। কষ্টে ফলানো একমাত্র বোরো ফসল চোখের সামনে ডুবতে দেখে তাঁরা কান্নায় ভেঙে পড়েন।


কৃষক ও প্রশাসনের দায়িত্বশীলরা ঘটনাস্থলে পৌঁছে অনেক চেষ্টার পরও ভাঙন ঠেকাতে পারেননি। স্থানীয় কৃষকরা বাঁধের এই ভাঙনের জন্য পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও তাদের নিয়োজিত প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) লোকজনকে দায়ী করেন।

ক্ষতিগ্রস্ত কৃষকরা বলেছেন, বাঁধের কাজে অবহেলা ছিল। কালভার্টের মুখের এই বাঁধে আড়-প্যালাসেটিং কিছুই দেওয়া হয়নি। মদ্যনগর গ্রামের কৃষক মুরাদ মিয়া সাংবাদিকদের বলেন, তাঁর ১৭ কেয়ার জমির ধান কাটার বাকী ছিল। শনিবার সকালে ধান কাটা শ্রমিক নিয়ে হাওরে গিয়েছিলেন। এসময় বাঁধ ভেঙে সব ফসল তলিয়ে যায়। তাঁর মতো আরও হাজারো কৃষকের ধান পানিতে তলিয়ে গেছে।


মধ্যনগর ইউনিয়ন কৃষি উপ-সহকারী কর্মকর্তা কবির হোসেন জানান, হাওরে প্রায় ২০ হেক্টরের মতো জমির ধান ডুবে গেছে।  পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, হাওরের ধান কাটা শেষ হয়ে গেছে। এমন সময় বাঁধও ভেঙেছে। এর আগে শুক্রবার বাঁধ ভেঙে এই উপজেলার শালদিঘা হাওরে পানি প্রবেশ করছিল। দিনভর চেষ্টা চালিয়ে ভাঙনের অংশে পানি প্রবেশ আটকানো হয়।

ভিন্ন খবর এর আরও খবর: