শ্রীমঙ্গলে মসজিদের ভেতরে ফজরের নামাজে সিজদারত বৃদ্ধকে হত্যা, গ্রেফতার ১

 প্রকাশ: ০৩ মে ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন   |   জেলার খবর

শ্রীমঙ্গলে মসজিদের ভেতরে ফজরের নামাজে সিজদারত বৃদ্ধকে হত্যা, গ্রেফতার ১

মোঃইমরান হোসেন  (শ্রীমঙ্গল, মৌলভীবাজার): 

শ্রীমঙ্গলে একটি মসজিদের ভেতরে ফজরের নামাজ চলাকালে সিজদারত অবস্থায় এক বৃদ্ধকে নির্মমভাবে হত্যার ঘটনা ঘটেছে। রবিবার (৩ মে) ভোরে উপজেলার পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত হাফিজ উল্লাহ (৮০) উপজেলার ভুনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ চলাকালীন হঠাৎ এক ব্যক্তি মসজিদের ভেতরে প্রবেশ করে সিজদারত অবস্থায় থাকা হাফিজ উল্লাহর ওপর হামলা চালায়।

অভিযুক্ত ব্যক্তি একটি কলম দিয়ে হাফিজ উল্লাহর চোখ, মাথা ও মুখের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে। পরে উপস্থিত মুসল্লিরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার পর শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। শ্রীমঙ্গল থানার এসআই সজিব চৌধুরী জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে জসিম মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। নিহত ও অভিযুক্ত উভয়েই একই এলাকার বাসিন্দা।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

জেলার খবর এর আরও খবর: