শাহজালাল বিমানবন্দরের অত্যাধুনিক বোয়িং ৭৭৭ বিমানের সিটের নিচে পাওয়া গেল ১৬টি স্বর্ণের বার
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২২, ০৫:১২ অপরাহ্ন | আইন-আদালত-অপরাধ
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অত্যাধুনিক ফ্লাইট বোয়িং ৭৭৭ অরুন আলোর দুটি সিটের নিচের পাইপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম।
গত রোববার (১১ সেপ্টেম্বর২০২২) রাতে দীর্ঘ প্রায় ১২ ঘণ্টার অভিযান চালিয়ে ঢাকা কাস্টম হাউসের সুদক্ষ প্রিভেন্টিভ টিম অত্যাধুনিক এই বিমান থেকে অভিনব কৌশলে পাচার হওয়া স্বর্ণের বারগুলো উদ্ধার করে।
ঢাকা কাস্টমস হাউস সূত্রে জানা যায়, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-৩৪৮ ফ্লাইটটি ১১ সেপ্টেম্বর রোববার সকাল ৬টা ৩৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানটিতে সোনার চালান রয়েছে বলে কাস্টমস কর্মকর্তাদের কাছে পূর্বেই তথ্য ছিলো।
ওই তথ্যের ভিত্তিতে কাস্টমস প্রিভেনটিভ টিম পুরো বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করেন। বিমানবন্দরে বিমানটি অবতরণের পর যাত্রীরা নেমে গেলে তল্লাশি করার জন্য বিমানবন্দরের হ্যাঙ্গারে বিমানটি নিয়ে যাওয়া হয়। সেখানে প্রায় ১২ ঘণ্টার বেশি সময় তল্লাশি চালানো হয়। দীর্ঘ এই তল্লাশি অভিযান শেষে ১৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ১ কেজি ৮৫৬ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা।
কাস্টম হাউসের প্রিভেন্টিভ সূত্রে জানা যায়, অত্যাধুনিক এই বিমানটির ১৭-জে এবং ১৯-জে সিটের নিচের পাইপের ভেতর থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়, এই ঘটনায় ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিমের সহকারি রাজস্ব কর্মকর্তা জোহরা খানম বাদী হয়ে অজ্ঞাত আসামি করে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেন।

