গাছ কাটাসহ অপহরণের হুমকির প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন
প্রকাশ: ১০ মে ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন | জেলার খবর
মোঃ শরিফুল ইসলাম ভূঁইয়া আসাদ (খাগড়াছড়ি) : খাগড়াছড়ির গামারীঢালা এলাকায় ভূমি দখলের চেষ্টা, বাগানের গাছ কেটে নেওয়া, অপহরণ এবং প্রাণনাশের হুমকির অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয় ১৬টি পরিবার।
রবিবার (১০ মে) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারের নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, তারা বংশ পরম্পরায় ওই এলাকায় বসবাস করে আসছেন। ১৯৮০-৮২ সালে তৎকালীন সরকার তাদের ভূমির বন্দোবস্ত প্রদান করে। এরপর থেকে তারা সেখানে বসবাসের পাশাপাশি বাগান-বাগিচা সৃষ্টি করে জীবিকা নির্বাহ করছেন।
তাদের অভিযোগ, সম্প্রতি বাগিস চাকমা ও বিনয় কৃষ্ণ চাকমার নেতৃত্বে একদল ব্যক্তি জোরপূর্বক জায়গা দখলের উদ্দেশ্যে বাগানের গাছ কেটে নিয়ে যায়। পরে অস্ত্রের ভয় দেখিয়ে অপহরণ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পাশাপাশি তাদের নিজস্ব জায়গা ছেড়ে অন্যত্র চলে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে বলেও দাবি করেন তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, এসব ঘটনায় ১৬টি পরিবার বর্তমানে আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। তারা জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা, হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং ভূমি রক্ষায় সরকারের ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন গামারীঢালা এলাকার বাসিন্দা রুস্তম আলী, কুলসুম বেগম, দুলাল মিয়া, মো. ডালিমসহ স্থানীয় ক্ষতিগ্রস্তরা।
