আব্বাস আরাঘচির সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০১:১৫ অপরাহ্ন | আন্তর্জাতিক
একটি ছোট প্রতিনিধি দল নিয়ে পাকিস্তান পৌঁছেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছেন। শনিবার (২৫ এপ্রিল) ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সংলাপ এগিয়ে নিতে পাকিস্তান যে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তার ধারাবাহিকতায় এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এর আগে ডন জানিয়েছিল, দ্বিতীয় দফার সম্ভাব্য শান্তি আলোচনায় অংশ নিতে আরাগচির নেতৃত্বে ইরানি প্রতিনিধি দল ইসলামাবাদ পৌঁছায়। শুক্রবার রাতেই তাদের বহনকারী বিমান সেখানে অবতরণ করে।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি জানান, বিমানবন্দরে আরাঘচিকে স্বাগত জানান ইসহাক দার, সেনাপ্রধান আসিম মুনিরসহ উচ্চপর্যায়ের কর্মকর্তারা।
তাহির আন্দ্রাবি বলেন, ‘সফরকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের ঊর্ধ্বতন নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। সেখানে সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতির পাশাপাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য চলমান প্রচেষ্টাগুলো নিয়ে আলোচনা করা হবে।’
