কাশিয়ানীতে জমি জালিয়াতি; দলিল লেখকসহ তিনজনের বিরুদ্ধে মামলা

 প্রকাশ: ০৫ মে ২০২৬, ১২:২৪ অপরাহ্ন   |   ভিন্ন খবর

কাশিয়ানীতে জমি জালিয়াতি; দলিল লেখকসহ তিনজনের বিরুদ্ধে মামলা

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনধি : 

গোপালগঞ্জের কাশিয়ানীতে অসুস্থ ব্যক্তিকে ভুল বুঝিয়ে ও সাক্ষীর স্বাক্ষর জাল করে জমি লিখে নেওয়ার অভিযোগে দলিল লেখকসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।  সোমবার (৪ মে) উপজেলার রামদিয়া গ্রামের ভুক্তভোগী রাকিবুল ইসলাম মিটু বাদী হয়ে আদালতে মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হলেন দলিল লেখক শাহ আলমগীর (৫৫), শুভ মোল্যা (৩০) ও তার মাতা রিনু বেগম (৬০)। তাদের সকলের বাড়ি উপজেলার রামদিয়া গ্রামে। বাদীপক্ষের আইনজীবি আজগার আলী খান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, বাদীর পিতা আবুল হাসেম মোল্যা দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিলেন। এ সুযোগে গত ১২ জুন ২০২৪ তারিখে তাকে জমি নামজারির (মিউটেশন) কথা বলে কাশিয়ানী সাব-রেজিস্ট্রি অফিসে নিয়ে যান তার আপন ভাইর স্ত্রী রিনু বেগম ও ভাতিজা শুভ মোল্যা। সেখানে হাসেম মোল্যার নামের রেকর্ডীয় ১০৬ নং রামদিয়া মৌজার, এসএ ৬৯৮ নং খতিয়ানের ৩২৩ নং দাগের ১৮.৫ শতাংশ জমি হেবা দলিল মূলে লিখে নেওয়া হয়। এছাড়া মামলার বাদী চাকরির সুবাদে সৌদি আরবে থাকা অবস্থায় তার স্বাক্ষর জাল করে সাক্ষী দেখানো হয়েছে। দলিল লেখক শাহ আলমগীর জাল দলিলের কাজে সহযোগিতা করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে মামলার বাদী দলিলের নকল তুলে জালিয়াতির বিষয়টি নিশ্চিত হয়ে গোপালগঞ্জ আদালতে মামলাটি দায়ের করেন। 

এ বিষয় অভিযুক্ত দলিল লেখক শাহ আলমগীরের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ‘মামলার বিষয়টি আমার জানা নেই। তবে দলিলের সময় তৎকালীন সাব রেজিস্ট্রার শাহ আরিফ সড়ক দুর্ঘটনায় আহত ছিলেন। যে কারণে তার বাসায় গিয়ে দলিলটি সম্পাদন করা হয়।’ 


বাকী অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

ভিন্ন খবর এর আরও খবর: