পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় মামা-ভাগিনার মৃত্যু
প্রকাশ: ১০ জুলাই ২০২৩, ০৬:৪৯ অপরাহ্ন | সারাদেশ
মোঃ লিহাজ উদ্দিন (পঞ্চগড়) :
পঞ্চগড়ের দেবীগঞ্জে উপজেলায় সড়ক দুর্ঘটনায় সবুজ রায় শান্ত (১৮) ও দিপু কুমার রায় (১৭) নামে মামা-ভাগিনার হয়েছে। এঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
সোমবার রাত দেড়টার সময় উপজেলার লক্ষীরহাট এলাকায় সাইফুল টাওয়ারের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত সবুজ রায় শান্ত দেবীগঞ্জ উপজেলার সুন্দরদীঘি ইউনিয়নের শিবের হাট গ্ৰামের রিপন কুমার রায়ের ছেলে এবং দিপু রায় আপন দেবীডুবা ইউনিয়নের সুলতানাপুর গ্ৰামের দেবেন্দ্র নাথ রায়ের ছেলে। সবুজ এবছর অনুষ্ঠিত হওয়া এসএসসি পরীক্ষার অংশগ্রহণ করেছিলো এবং দিপু নৃপেন্দ্র নারায়ণ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলো।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত দেড়টার পর উপজেলার পামুলী ইউনিয়নে একটি বিয়ের দাওয়াত খেয়ে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলো সবুজ রায়, দিপু রায় ও অজিত রায়। লক্ষীরহাট বাজারের সাইফুল টাওয়ারের সামনে এলে পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়া একটি পাথর বোঝাই ট্রাক তাদের চাপা দেয়। রাস্তায় তাদের পরে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯ কল দিয়ে সাহায্য চাইলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে থেকে সবুজ রায় ও দিপু রায়ের মরদেহ উদ্ধার করে এবং গুরতর আহত অবস্থায় অজিত রায়কে প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, এঘটনায় দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হবে এবং ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

