বেপরোয়া গতির মোটরসাইকেল কেড়ে নিলো দুই জনের প্রাণ
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৩, ১১:১৪ পূর্বাহ্ন | সারাদেশ
ইউনিভার্সেল কামাল:
মোটরসাইকেলের বেপরোয়া গতি কেড়ে নিয়েছে এক স্কুল ছাত্রসহ লালমাই উপজেলার দুই তরুণের প্রাণ। বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে একটি গাড়ির পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের দু’জনের মৃত্যু হয়। নিহতরা সম্পর্কে প্রতিবেশী ছিলো বলে জানিয়েছে স্থানীয়রা।
গতকাল সকাল আনুমানিক ১০ টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রতনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন লাকসাম ক্রসিং (লালমাই) হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোর্শেদুল আলম ভূঁইয়া। নিহতরা হলেন, লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের কেশনপাড় গ্রামের মো. হুমায়ুন কবিরের একমাত্র ছেলে আবদুল্লাহ আল মামুন নয়ন (১৪) ও চান্দুপুর গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে মাসুদ আলম (১৫)। এদের মধ্যে আবদুল্লাহ আল মামুন নয়ন বাগমারা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
গতকাল বিকালে হাইওয়ে পুলিশের কর্মকর্তা মোর্শেদুল আলম ভূঁইয়া বলেন, ওই দুই তরুণ ছিল একটি মোটরসাইকেলে। তাদের একজন বেপরোয়া গতির বাইক চালিয়ে অজ্ঞাতনামা একটি গাড়ির পেছনে গিয়ে ধাক্কা দেয়। এতে মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। যে গাড়ির সঙ্গে ধাক্কা লেগেছিল, সেই গাড়িটি সঙ্গে সঙ্গে চলে যাওয়ায় শনাক্ত করা সম্ভব হয়নি। বারপাড়ার একটি ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল কিনে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।

