আওয়ামী লীগের শান্তি সমাবেশে বক্তারা: আমরা শান্তির পক্ষে, উন্নয়নের পক্ষে
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী ২০২৩, ০৭:২৪ অপরাহ্ন | সারাদেশ
শামসুল কাদির মিছবাহ (সুনামগঞ্জ):
পদযাত্রার নামে সারাদেশে বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে শান্তি সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগের নব-গঠিত কমিটি। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে এই শান্তি সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন বলেন, বিএনপি জামাত জাতীয় নির্বাচনকে সামনে রেখে জ্বালাও পোড়াও করে বাংলাদেশকে অস্থিতিশীল রাষ্ট্র বানাতে চায়। বাংলাদেশকে পাকিস্তান আফগানিস্তান বানাতে চেষ্টা করেছে কিন্তু সেটা সম্ভব হয় নাই। মুক্তিযুদ্ধের পক্ষের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। বাংলাদেশে পদ্মাসেতু, মেট্টোরেলসহ বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়ন হয়েছে। সুনামগঞ্জেও বৃহৎ রানীগঞ্জ সেতু নির্মাণসহ হাওরাঞ্চলে রাস্তা-ঘাট, স্কুল, কলেজ, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়সহ হাওরাঞ্চলে উড়ালসেতু নির্মাণ হচ্ছে। ঘরে ঘরে বিদ্যুত, শিক্ষা, স্বাস্থ্যসহ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে দেশ।
পলিন আরও বলেন, আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। সুনামগঞ্জে এখন আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। আমরা একত্রিত হয়ে দলকে তৃণমূলে শক্তিশালী করবো। কেউ যদি আওয়ামী লীগ সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়, আগুন সন্ত্রাসের চেষ্টা চালায় আমরা ঘরে বসে থাকবো না। ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবো।
সভাপতির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট বলেন, আমরা শান্তির পক্ষে, উন্নয়নের পক্ষে। যারা অশান্তি সৃষ্টি করবে তাদেরকে হুশিয়ার করে দিতে চাই সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ অত্যন্ত শক্তিশালী ও ঐক্যবদ্ধ। আমরা অশান্তি সৃষ্টিকারীদের হাত ভেঙ্গে দিতে পারি। জননেত্রী শেখ হাসিনা যতদিন আমাদের মাথার উপর ছায়া হয়ে থাকবেন ঐক্যবদ্ধভাবে তাঁর আদেশ ও নির্দেশে আওয়ামী লীগ পরিচালিত হবে। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিনত করেছেন। দেশকে আরও এগিয়ে নিতে জননেত্রীর ভ্যানগার্ড হয়ে আজীবন পাশে থাকবো। আমরা পাকিস্তানিদের পরাজিত করে স্বাধীনতা লাভ করেছি। আজ তাদের অর্থনৈতিক অবস্থার ভগ্ন দশা।তাদের চেয়ে আমাদের দেশকে বহুগুণে এগিয়ে নিয়ে গেছেন আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
নুরুল হুদা মুকুট আরও বলেন, বিএনপি জামাতের কোমর ভেঙ্গে গেছে। তাদের দাঁড়ানোর ক্ষমতা নেই। আমরা আপনাদের সাথে দ্বন্দ্বে যাবো না। তারপরও যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান বাংলাদেশে রাখবো না। পাকিস্তান পাঠিয়ে দেবো। যদি বাংলাদেশকে বাঁচাতে চান আপনারা নেত্রীর পাশে থাকবেন। দেশের উন্নয়ন, সমৃদ্ধির স্বার্থে শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুটের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নোমান বখত পলিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আলী আমজদ, অ্যাড. রইছ উদ্দিন আহমেদ, রেজাউল করিম শামীম, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম, অ্যাড. পীর মতিউর রহমান, অ্যাড. অবনী মোহন দাস, সৈয়দ আবুল কাশেম, হাজী আবুল কালাম, তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, সুনামগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল, শংকর চন্দ্র দাস, অ্যাড. চাঁন মিয়া, অ্যাড. নজরুল ইসলাম, অ্যাড. শুকুর আলী, জিতেন্দ্র তালুকদার পিন্টু, অ্যাড. আব্দুল করিম, সবুজ কান্তি দাস, সিতেষ তালুকদার মঞ্জু, অমল কর, অ্যাড. আজাদুল ইসলাম রতন, অ্যাড. মনীষ কান্তি দে মিন্টু, অ্যাড. কল্লোল তালুকদার চপল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী, সহ-সভাপতি ঝন্টু তালুকদার, সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু প্রমুখ। এসময় পৌর আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলাম, সাজিদুর রহমান, লিটন সরকার, যুবলীগ নেতা সাজ্জাদ হোসাইন নাহিদ, শ্রমিকলীগ নেতা রাসেল চৌধুরী, যুবলীগ নেতা এহসান আহমদ উজ্জ্বল, জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে, সহ-সভাপতি ইফতি বখত, সাংগঠনিক সম্পাদক আসিফ বখত রাদ, শুভ বনিক, দিপ্ত দাসসহ জেলার বিভিন্ন উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

