জাবিতে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী 'প্ল্যানিং ফেস্টিভ্যাল'
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২২, ০৯:১৮ অপরাহ্ন | শিক্ষা
মাহমুদুল হাসান (জাবি প্রতিনিধি) :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ১৭ ডিসেম্বর হতে ২৩ ডিসেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী নানা ধরণের আয়োজনে "প্ল্যানিং ফেস্টিভ্যাল' ২২" অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামীকাল শনিবার(১৭ ডিসেম্বর) সকাল ৯:৩০ টায় র্যালী-শোভাযাত্রার মাধ্যমে শুরু হবে ''প্ল্যানিং ফেস্টিভাল ২২"।আগামীকালের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম।
র্যালী শেষে সকাল ১০ টায় সমাজবিজ্ঞান অনুষদের গ্যালারিতে 'নগর পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন এর চ্যালেঞ্জ' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে "ঢাকা মহানগরীর বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) প্রণয়ন প্রক্রিয়ার চ্যালেঞ্জ" ও "পরিকল্পিত ঢাকা গড়তে সিটি কর্পোরেশনের চ্যালেঞ্জ" বিষয়ে প্রবন্ধ উপস্থাপিত হবে।
এছাড়া সপ্তাহব্যাপী নানা আয়োজনের মধ্যে থাকবে প্রদর্শনী বিতর্ক, কেস কম্পিটিশন, নগর পরিকল্পনা বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শনী, ফটোগ্রাফি এক্সিবিশান, ক্যাম্পাস পরিচ্ছন্নতা কার্যক্রম, কুইজ প্রতিযোগিতা, ব্যাডমিন্টন,ফুটবল, ক্রিকেট ও দাবা প্রতিযোগিতা, সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশভোজ।
নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সভাপতি অধ্যাপক ড. আনিসা নূরী কাকন বলেন, '১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর সিন্ডিকেট কর্তৃক নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগটি অনুমোদিত হয়। সেই ধারাবাহিকতায় হাটি হাটি পা পা করে বিভাগটি ২৫ বছরে পদার্পণ করতে যাচ্ছে। দিনটি স্মরণীয় করে রাখার জন্য সপ্তাহব্যাপী প্ল্যানিং ফেস্টিভ্যালের আয়োজন করতে যাচ্ছি।'
সপ্তাহব্যাপী এ প্ল্যানিং ফেস্টিভ্যালে'র সহযোগিতা করছে বাংলাদেশ ইন্সটিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)।

