নোবিপ্রবিতে বিজ্ঞান মেলা-২০২২ অনুষ্ঠিত
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২২, ০৯:৪৪ অপরাহ্ন | শিক্ষা
নোবিপ্রবি প্রতিনিধিঃ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(নোবিপ্রবি) বিজ্ঞান ক্লাব কর্তৃক জাঁকজমকপূর্ণভাবে বিজ্ঞান মেলা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে ২য় বারের মতো এ সায়েন্স ফেস্ট আয়োজন করে নোবিপ্রবি সায়েন্স ক্লাব ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার উল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর।
এছাড়াও উপস্থিত ছিলেন নোবিপ্রবি সায়েন্স ক্লাবের উপদেষ্টা ও ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শফিকুল ইসলাম,নোবিপ্রবি সায়েন্স ক্লাবের উপদেষ্টা ও অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদ এবং কি নোট স্পিকার হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড.আনোয়ারুল আজিম আখন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. দিদার উল আলম নোবিপ্রবি সায়েন্স ক্লাবের উদ্যোগকে স্বাগত জানান।তিনি বলেন,শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করে তুলতে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের সায়েন্স ফেস্টের আয়োজন প্রশংসনীয় উদ্যোগ।বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণার ফলে সাম্প্রতিক সময়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গবেষণায় এগিয়ে যাচ্ছে।এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে আয়োজনের সফলতা কামনা করেন নোবিপ্রবি উপাচার্য।
অধ্যাপক ড. ফিরোজ আহমেদ তার বক্তব্যে মাইক্রোবায়োলজি, ইমিউনোলজি, এন্টিবায়োটিক, ব্যাকটেরিওসিন ইত্যাদি বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং শিক্ষার্থীদেরকে দেশ ও দেশের মানুষের কল্যাণে করার আহ্বান জানান।
অধ্যাপক ড. শফিকুল ইসলাম তার বক্তব্যে সায়েন্স ক্লাবের লক্ষ্য ও উদ্দেশ্য এবং প্রতিষ্ঠার পর থেকে বর্তমান সময় পর্যন্ত সায়েন্স ক্লাবের অর্জন তুলে ধরেন। এছাড়াও তিনি হিউম্যান জিনোম, ড্রাগস, অনকোজেনিক ভাইরাসের মাধ্যমে ক্যান্সারের চিকিৎসা ইতাদি বিষয় তুলে ধরেন।
এছাড়াও সংগঠনের সভাপতি এস কে ফয়সাল আহমেদ নোবিপ্রবি সায়েন্স ক্লাবের যাত্রা, লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।সায়েন্স ক্লাবের এই আয়োজনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের ৩ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
ইভেন্টগুলো হলো- সায়েন্টিফিক পোস্টার প্রেজেন্টেশন, তিন মিনিটের রিসার্চ আইডিয়া প্রেজেন্টেশন, বিজনেস আইডিয়া প্রেজেন্টেশন,প্রোগ্রামিং কন্টেস্ট, সায়েন্টিফিক ফটোগ্রাফি কন্টেস্ট, সায়েন্টিফিক ডিবেট কম্পিটিশন এবং কলেজ শিক্ষার্থীদের জন্য সায়েন্টিফিক কুইজ কম্পিটিশন।
মিডিয়া পার্টনার হিসেবে ছিলো নোবিপ্রবি সাংবাদিক সমিতি এবং নোবিপ্রবি প্রেসক্লাব।এছাড়াও অর্গানাইজিং পার্টনার হিসেবে আছে নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি, আইটি ক্লাব, আইসিই প্রোগ্রামিং ক্লাব, ফটোগ্রাফি ক্লাব, চলো পাল্টাই ফাউন্ডেশন এবং ইইই এসোসিয়েশন।

