সাংবাদিক নির্যাতনের ঘটনায় জাবিতে ৪ ছাত্রলীগ কর্মী বহিষ্কার
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২২, ০২:৩২ অপরাহ্ন | শিক্ষা
মাহমুদুল হাসান (জাবি প্রতিনিধি) :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিক নির্যাতনের দায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃতরা হলেন-আসাদ হক (নৃবিজ্ঞান ৪৬),আরিফ জামান সেজান (নৃবিজ্ঞান ৪৬), রায়হান বিন হাবিব (নৃবিজ্ঞান ৪৭), মাসুম বিল্লাহ (আইন ও বিচার ৪৭)।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ. স. ম. ফিরোজ-উল-হাসান বলেন, শৃঙ্খলা কমিটির মিটিংয়ে ৪ জনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে এবং শহীদ সালাম-বরকত হলের প্রভোস্ট অধ্যাপক ড. সুকল্যাণ কুমার কুন্ডুকে আহ্বায়ক করে চার সদস্য বিশিষ্ট অধিকতর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইস্রাফিল আহমেদ, আল বেরুনী হলের প্রভোস্ট (ভারপ্রাপ্ত) মো. আশরাফুল আলম ও সদস্য সচিব প্রক্টর অফিসের সহকারী রেজিস্ট্রার মো. সোহেল রানা। কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।
উল্লেখ্য, গত ২ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর হলের অতিথিকক্ষে সাংবাদিক আল আমিন হোসাইনকে শারীরিকভাবে নির্যাতন করেন ওই হলের ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত থাকা কয়েকজন শিক্ষার্থী। ঐদিন রাতেই অভিযুক্ত আটজন শিক্ষার্থীকে অবাঞ্ছিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

