পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় ভিক্ষুক বৃদ্ধার মৃত্যু

 প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৩, ১০:৩২ পূর্বাহ্ন   |   সারাদেশ

 মোঃ লিহাজ উদ্দিন, পঞ্চগড় প্রতিনিধিঃ 

পঞ্চগড় জেলার বোদা উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় মাজেদা বেওয়া (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার(২৯ নভেম্বর) জেলার বোদা উপজেলার বোদা-দেবীগঞ্জ মহাসড়কের চন্দনবাড়ি বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত মাজেদা উপজেলার বোদা ইউনিয়নের বেংহারী বালাভীড় গ্রামের মৃত নবির উদ্দিনের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই বৃদ্ধা ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের মতোই ভিক্ষাবৃত্তি করতে বুধবার দুপুরে চন্দনবাড়ি বাজার এলাকায় যান। তিনি কানেও একটু কম শুনতেন। বোদা-দেবীগঞ্জ মহাসড়ক পার হওয়ার সময় বোদা থেকে সাকোয়া গামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে মহাসড়কে উপর ছিটকে পড়েন তিনি। এসময় শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয়দের সহায়তায় ওই মোটরসাইকেল চালক তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারিহা মুনতাসিম বৃদ্ধা মাজেদা বেওয়াকে মৃত ঘোষণা করেন। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেলটি জব্দ করা যায়নি। তবে এঘটনায় নিহতের পরিবারের সদস্যরা কোনো অভিযোগ দায়ের করলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।


সারাদেশ এর আরও খবর: