জাবিতে '৪র্থ জেইউএসসি জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড' উদযাপিত
প্রকাশ: ২৮ অগাস্ট ২০২২, ০১:১৪ পূর্বাহ্ন | শিক্ষা
মাহমুদুল হাসান (জাবি প্রতিনিধি) :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব ও জাতীয় বিজ্ঞান জাদুঘরের যৌথ আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান মন্ত্রণালয়ের সহযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেইউএসসি জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড- ২০২২।
শনিবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ‘রহস্য উদঘাটন কিংবা অজানার অভিযানে, বিজ্ঞানে সমৃদ্ধ হও মেধা ও মননে’ স্লোগানে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।
দুই দিনব্যাপী অলিম্পিয়াডের প্রথম দিন শনিবার সায়েন্স কুইজ, রুবিক্স কিউব প্রতিযোগিতা, ফোর মিনিট প্রেজেন্টেশন, পোস্টার প্রেজেন্টেশন, আইডিয়া সাবমিশন এবং ভিডিও কন্টেস্ট অনুষ্ঠিত হয়। এতে দেশের প্রায় ১৫০ টি স্কুল, কলেজ ও বিশ^বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এছাড়াও খাদ্যসামগ্রীতে মাইক্রোপ্লাস্টিকের প্রভাব শীর্ষক আলোচনা করেন পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শফী মোঃ তারেক। আগামীকাল রোববার সায়েন্স স্পিচ ও পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে। জাবি সায়েন্স ক্লাবের সভাপতি জাকিরুল ইসলাম বলেন, ‘বর্তমান বিজ্ঞানের যুগে প্রযুক্তিগত বিকাশ ছাড়া আমাদের জাতিগত উন্নয়ন অসম্ভব। এজন্য শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তির দিকে আগ্রহী করার বিকল্প নেই। এরই ধারাবাহিকতায় আমাদের এই আয়োজন। আমরা একটি বিজ্ঞানপ্রেমী জাতির স্বপ্ন দেখি যারা একটি সুন্দর পৃথিবী গড়ে তুলবে।’
অলিম্পিয়াডের কনভেনর শাকিল হোসাইন ও জান্নাতুল ফিরদাউস সুমাইয়া বলেন, ‘করোনা মহামারির কারণে দীর্ঘদিন শিক্ষা কার্যক্রমের বিরতির পর এমন একটি আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তুলবে বলে আমরা আশা করছি। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের সাড়া দেখে আমরা অভভূত। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা বিজ্ঞানপ্রেমী শিক্ষার্থীদের দেখলে মনে হয়, সেদিন বেশি দূরে নয় যেদিন আমাদের দেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।’
আগামীকাল পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম এবং বিশেষ অতিথি হিসেবে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী উপস্থিত থাকবেন। এছাড়াও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মোঃ মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার, গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন অধ্যাপক অজিত কুমার মজুমদার, জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোঃ নুহু আলম, ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবীর সহ ক্লাবের অন্যান্য উপদেষ্টাগণ উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, জাবি সায়েন্স ক্লাব একটি বিজ্ঞানমনস্ক জাতি গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। গণিত অলিম্পিয়াড, বিজ্ঞান উৎসব, গবেষণা কার্যক্রম, নিজস্ব প্রকাশনী ‘নিউক্লিয়াস’, বিজ্ঞান আড্ডা, ইংলিশ স্পোকেন সেশনসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।

